ঈদের আগে জলমগ্ন রাস্তা! খড়্গপুরে নর্দমার জলে ডুবছে উৎসবের আনন্দ, ক্ষোভে ফুঁসছে ৪ নম্বর ওয়ার্ড!
নিজস্ব সংবাদদাতা : পবিত্র Eid al-Fitr-এর আর মাত্র ক’দিন বাকি। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন খড়্গপুরে একেবারেই উল্টো ছবি। সোমবার সন্ধ্যা থেকেই আকাশের মুখ ভার, দক্ষিণবঙ্গজুড়ে দমকা হাওয়া ও বৃষ্টির দাপটে কিছুটা শীতল আবহাওয়া তৈরি হলেও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে খড়্গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষোভ এখন তুঙ্গে। অভিযোগ, প্রশাসনের চরম উদাসীনতায় সামান্য বৃষ্টিতেই এলাকার প্রধান রাস্তা কার্যত নর্দমায় পরিণত হয়েছে। ৯১ নম্বর পার্টের পাঁচবেড়িয়া উর্দু লাইব্রেরির সংলগ্ন মেন রোড এখন হাঁটুজল ও আবর্জনায় ভরে গিয়েছে।স্থানীয়দের প্রশ্ন, “ঈদের ঠিক আগে এই অবস্থায় আমরা কীভাবে নামাজ পড়তে যাব? নতুন পোশাক পরে কাদা ও নোংরা জল পেরিয়ে কি উৎসব পালন সম্ভব?”শুধু উৎসবই নয়, দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। ছাত্রছাত্রী, অসুস্থ রোগী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।তাঁদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রতি বৃষ্টিতেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে, আর তারই মধ্যে উৎসবের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে।এখন প্রশ্ন একটাই—ঈদের আগে কি জেগে উঠবে প্রশাসন, নাকি নর্দমার জলে ভাসতেই হবে খড়্গপুরবাসীর উৎসব?