ঈদের আনন্দে জল ঢালছে নর্দমার দুর্গন্ধ! খড়গপুরের ৪ নম্বর ওয়ার্ডে চরম ভোগান্তি বাসিন্দাদের!

নিজস্ব সংবাদদাতা : পবিত্র ঈদুল ফিতর—খুশি ও মিলনের দিন। কিন্তু সেই আনন্দই যেন ম্লান হয়ে গেছে খড়গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে। অভিযোগ, উৎসবের দিনেও তাঁদের ড্রেনের পচা জল ও আবর্জনার মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে, যা একপ্রকার নরকযন্ত্রণার সামিল।স্থানীয়দের দাবি, গত তিন মাস ধরে এই ভয়াবহ পরিস্থিতি চললেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।

একাধিকবার খড়গপুর পৌরসভার চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলর নার্গিস পারভীনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।এই অব্যবস্থার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

তাঁদের বক্তব্য, যেখানে সরকারের পক্ষ থেকে সংখ্যালঘুদের উৎসব নির্বিঘ্নে পালনের কথা বলা হয়, সেখানে বাস্তবে খড়গপুরের এই চিত্র একেবারেই ভিন্ন বার্তা দিচ্ছে। নামাজের দিনেও মানুষকে নোংরা নর্দমার জল পেরিয়ে যেতে হচ্ছে—যা অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক।

বাসিন্দাদের একাধিক প্রশ্নও উঠে আসছে—

  • দীর্ঘ তিন মাস ধরে অভিযোগ জানানোর পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না?
  • মৌলিক পরিষেবা পাওয়ার অধিকার কি তাঁদের নেই?
  • এই অস্বাস্থ্যকর পরিবেশে যদি রোগ ছড়ায়, তার দায় কে নেবে?

এলাকাবাসীরা অবিলম্বে এই ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান দাবি করেছেন। এখন দেখার, খড়গপুর পৌরসভা কি শুধুই আশ্বাসেই সীমাবদ্ধ থাকে, নাকি বাস্তবে সমস্যার সমাধানে এগিয়ে আসে।