খড়গপুরে অমিত শাহর মেগা রোড শো, জনজোয়ারে উচ্ছ্বসিত বিজেপি শিবির!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর রোড শোকে ঘিরে ১০ এপ্রিল,শুক্রবার বিজেপি কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ১০ এপ্রিল শুক্রবার খড়গপুর সদর বিধানসভার প্রার্থী Dilip Ghosh, মেদিনীপুর বিধানসভার প্রার্থী শংকর গুছাইত এবং খড়গপুর গ্রামীণ কেন্দ্রের প্রার্থী তপন ভূঁইয়ার সমর্থনে এই শক্তি প্রদর্শনের কর্মসূচি আয়োজন করা হয়।নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে, সন্ধ্যা প্রায় ছ’টা নাগাদ খোলা গাড়িতে উঠে জনতার উদ্দেশে হাত নাড়েন Amit Shah।

রোড শোর গাড়ি মালঞ্চ থেকে খরিদা ঘড়ি মোড়ের দিকে যত এগোয়, ততই রাস্তার দু’পাশে ভিড় বাড়তে থাকে। হাজার হাজার সমর্থকের উদ্দেশে তিনি গোলাপের পাপড়ি এবং চকলেট ছুড়ে শুভেচ্ছা জানান, যা উপস্থিত জনতার উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।পুরো রুটজুড়ে বিভিন্ন অস্থায়ী মঞ্চে বাংলা সংস্কৃতির নানা পরিবেশনা নজর কাড়ে। কোথাও ছিল লোকনৃত্য, কোথাও সাঁওতালি নৃত্য, আবার কোথাও মাতৃপুজোর থিমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। একাধিক ব্যান্ড পার্টি, দলীয় তেরঙ্গা পতাকা এবং বেলুন হাতে হাজার হাজার নারী-পুরুষ এই রোড শোতে অংশ নেন।

বহু উৎসাহী সমর্থক শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে Amit Shah-কে স্বাগত জানান।প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই রোড শো সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ শেষ হয়। বিজেপির ছোট-বড় একাধিক নেতা স্বীকার করেছেন, এই কর্মসূচি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা এবং লড়াইয়ের অক্সিজেন জুগিয়েছে।এদিনের কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কড়া।

জেলা পুলিশ সুপার Papiya Sultana-র নেতৃত্বে গোটা রুটজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সেই সুবাদে বিশাল জনসমাগম সত্ত্বেও কোনও অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি, যা প্রশাসনের প্রস্তুতিকেই আরও একবার সামনে এনে দিল।