খড়গপুরে প্রচারে বিতর্কে Dilip Ghosh, জল সমস্যা তুলতে গিয়ে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যে তীব্র কটাক্ষ!

অভিজিৎ সাহা : খড়গপুর সদরে ভোট প্রচারে গিয়ে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি প্রার্থী Dilip Ghosh। পানীয় জলের সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে, যা ভোটের মুখে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।প্রচারে স্থানীয় জলসংকট, অনিয়মিত সরবরাহ এবং দূষিত পানীয় জলের অভিযোগ তুলে সরব হন তিনি। সেই প্রসঙ্গেই দিলীপের মন্তব্য, “এখানে অধিকাংশ সময় জল পাওয়া যায় না। পেলেও তা নোংরা, কালো কালো…”— এই বক্তব্যের শেষাংশে তৃণমূল কাউন্সিলরকে টেনে আনার অভিযোগ উঠতেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক।

বিরোধীদের দাবি, এই মন্তব্য শুধু রাজনৈতিক শালীনতার পরিপন্থী নয়, এতে বর্ণবিদ্বেষের ইঙ্গিতও স্পষ্ট। একসময় বাংলায় বিজেপির সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন দিলীপ ঘোষ। পরে দলীয় অন্দরের সমীকরণে কিছুটা আড়ালে চলে গেলেও, ২০২৬ বিধানসভা ভোটে তাঁকে ফের খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রেই অতীতে তাঁর জয়ের স্মৃতি রয়েছে, ফলে এবারও তাঁকে ঘিরে বাড়তি রাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে।এদিন স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচারে নেমে তিনি স্থানীয় সমস্যাগুলি তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে প্রচারের মূল বার্তাকে ছাপিয়ে এখন চর্চার কেন্দ্রে তাঁর জল-সংক্রান্ত মন্তব্যই।তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে। শাসকদলের নেতা-কর্মীদের দাবি, একজন অভিজ্ঞ রাজনীতিকের মুখে এ ধরনের মন্তব্য “অভিপ্রেত নয়” এবং এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের ঠিক আগে এই ধরনের বিতর্কিত মন্তব্য খড়গপুর সদরের ভোটের অঙ্কে প্রভাব ফেলতেই পারে।