চিকিৎসা পরিষেবায় নতুন দিশা -খড়গপুরে জাঁকজমকভাবে লঞ্চ হলো চিকিৎসা পরিষেবার নতুন অ্যাপ!

নিজস্ব সংবাদদাতা : ডাক্তার দেখাতে গিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। কোন ডাক্তার কোন হাসপাতালে বা কোথায় চেম্বার করেন—এই তথ্য সবসময় হাতের কাছে থাকে না। রোগীর অবস্থা গুরুতর হলে প্রয়োজনীয় রক্ত বা অক্সিজেন জোগাড় করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রেই সময়মতো সঠিক চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটে। সেই বাস্তব সমস্যার সমাধান খুঁজতেই অভিনব উদ্যোগ নিলেন খড়্গপুর-এর যুবক সৌরভ ভুঁইয়া।পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী সৌরভ তৈরি করেছেন ‘সেবালিঙ্ক’ (SEVALINK) নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা সাধারণ মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবার তথ্য সহজলভ্য করে তুলবে।

খড়্গপুরের রূপনারায়ণপুর এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক ও জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, খড়্গপুর টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার এবং গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান অভিষেক যাদব-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই অ্যাপের মাধ্যমে খড়্গপুর ও মেদিনীপুর এলাকার চিকিৎসকদের প্রাইভেট চেম্বারের ঠিকানা, কোন দিন ও কখন তারা রোগী দেখেন—সব তথ্য সহজেই জানা যাবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কোথা থেকে রক্ত বা অক্সিজেন পাওয়া যাবে, সেই গুরুত্বপূর্ণ তথ্যও মিলবে এক ক্লিকেই।প্রযুক্তির সাহায্যে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ ও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘সেবালিঙ্ক’ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।