পুরনো ভাড়া ও উন্নত পরিষেবার দাবিতে খড়গপুরে ব্যবসায়ীদের বড় সভা!

অরিন্দম চক্রবর্তী: খড়গপুরে রেলওয়ে মার্কেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হল। মঙ্গলবার, ১৯ মে গোলবাজারের গুজরাটি স্কুলে অনুষ্ঠিত এই সভায় প্রায় এক হাজার দোকানদার অংশগ্রহণ করেন। বিজেপি সমর্থিত রেলওয়ে মার্কেট অ্যাসোসিয়েশনের ডাকে আয়োজিত এই সভায় গোলবাজার, গেটবাজার, নিউ সেটেলমেন্ট সহ খড়গপুরের বিভিন্ন এলাকায় রেলের জমিতে ব্যবসা করা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি টিংকু, শ্রী রাও, শ্রীনাথ সাহা ও বি. উমাশঙ্কর।

সভার সভাপতিত্ব করেন অভিষেক যাদব। ব্যবসায়ীদের আশা, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে এবার ইতিবাচক পদক্ষেপ নেবে রেল কর্তৃপক্ষ।সভায় ব্যবসায়ীদের একাধিক সমস্যা ও দাবি নিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান দাবিগুলির মধ্যে ছিল— পুরনো ভাড়াতেই দোকান চালানোর অনুমতি, সমস্ত দোকানে বৈধ বিদ্যুৎ সংযোগ প্রদান, এসি ব্যবহারের অনুমতি, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, ভেঙে যাওয়া দোকানে ঢালাই ও টিনশেড লাগানোর অনুমতি এবং দোকানের পাশের ড্রেন নির্দিষ্ট সময়ে পরিষ্কারের ব্যবস্থা করা।রেল কর্তৃপক্ষের তরফে সভায় উপস্থিত ছিলেন AEN জীবন লাল এবং IOW পুষ্টি বাবু। ব্যবসায়ীদের বক্তব্য ও দাবিগুলি মনোযোগ দিয়ে শোনেন তাঁরা। জানা গিয়েছে, রেলওয়ে মার্কেট অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের একটি কমিটি খুব শীঘ্রই ডিআরএম-এর কাছে এই দাবিপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেবে।