খড়্গপুরের বিভিন্ন হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান!
অরিন্দম চক্রবর্তী : খাবারের গুণগত মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে খড়্গপুর শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশকে সঙ্গে নিয়ে জাতীয় সড়কের ধারে অবস্থিত একাধিক হোটেলে এই অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা হোটেলগুলিতে খাবারের মান এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন।
পাশাপাশি রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্যসামগ্রী সংরক্ষণের পদ্ধতিও পরীক্ষা করা হয়।বিশেষভাবে কাঁচা খাদ্যদ্রব্য, পনির, ছানা, মাংস-সহ বিভিন্ন সামগ্রী কীভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং সেগুলির সতেজতা ও ব্যবহারের উপযোগিতা যাচাই করেন আধিকারিকরা। বিভিন্ন হোটেল থেকে পরীক্ষার জন্য খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে।খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম যথাযথভাবে পালন না করলে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনস্বাস্থ্যের স্বার্থে খড়্গপুরের বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান আগামী দিনেও ধারাবাহিকভাবে চলবে।