CBSE দশমে নজিরবিহীন সাফল্য, ১০০% নম্বর পেয়ে শীর্ষে শ্রীজিতা—খড়গপুরের গ্রিফিনস স্কুলে গৌরবের ঝলক!

নিজস্ব সংবাদদাতা : খড়গপুর শহরের অদূরে অবস্থিত গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুল আবারও শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করল। ২০২৬ সালের CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় এই স্কুলের শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল করে নিজেদের মেধা ও পরিশ্রমের উজ্জ্বল প্রমাণ দিয়েছে।এবারের পরীক্ষায় স্কুলের সেরা ফলাফল করেছে শ্রীজিতা সাউ, যিনি পূর্ণ ১০০% (৫০০-র মধ্যে ৫০০) নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। তাঁর এই সাফল্য এক কথায় নজিরবিহীন। তাঁর পরেই প্রিয়ঞ্জনা চ্যাটার্জি ৯৯.৬%, অর্চিস্মান সরকার ৯৯.২%, অঞ্জিকা সাহা ৯৯.২% এবং সৌমিলি দাস ৯৯% নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

শুধু শীর্ষস্থান নয়, সামগ্রিক ফলাফলও অত্যন্ত প্রশংসনীয়। প্রায় ৩৭% শিক্ষার্থী ৯০%-এর বেশি নম্বর পেয়েছে, যা স্কুলের শিক্ষার মান ও একাগ্রতার প্রতিফলন। বিভিন্ন বিষয়েও নজরকাড়া সাফল্য দেখা গেছে—কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে ১৯ জন, গণিতে ৮ জন, বাংলায় ৬ জন এবং বিজ্ঞানে ৪ জন শিক্ষার্থী পূর্ণ নম্বর পেয়েছে।এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুলের চেয়ারম্যান অভিষেক কুমার বলেন, “এই ফলাফল আমাদের শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ দক্ষতার প্রতিফলন। শ্রীজিতা সাউয়ের ১০০% নম্বর এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং শিক্ষকদের নিষ্ঠাই এই সাফল্যের মূল চাবিকাঠি। আমাদের লক্ষ্য শুধু ভালো ফল নয়, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে দৃঢ় চরিত্র ও উৎকর্ষের মানসিকতা গড়ে তোলা।”স্কুলের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা সফল সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই সাফল্য নিঃসন্দেহে খড়গপুরের শিক্ষাঙ্গনে নতুন গৌরবের পালক যোগ করল।