ISRO-র ‘যুব বিজ্ঞানী’ কর্মসূচিতে সুযোগ, গ্রিফিনস স্কুলের ছাত্রী লাবণ্যর দুর্দান্ত সাফল্য!

নিজস্ব সংবাদদাতা :  বড় সাফল্যের খবর শোনাল Griffins International School। ভারতের মহাকাশ গবেষণার শীর্ষ সংস্থা Indian Space Research Organisation (ISRO)-এর অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘তরুণ বিজ্ঞানী কর্মসূচি’ (YUVIKA)-এর জন্য নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণির ‘D’ বিভাগের ছাত্রী লাবণ্য সৎপথী।‘YUva VIgyani KAryakram’ বা YUVIKA মূলত তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়ানোর একটি বিশেষ উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা মহাকাশ গবেষণার প্রাথমিক ধারণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পায়।লাবণ্য অংশ নেবে National Remote Sensing Centre (NRSC), হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে। সেখানে সে হাতে-কলমে বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি গবেষণাগার পরিদর্শন এবং অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবে—যা তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই কর্মসূচিতে অংশগ্রহণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে ISRO নিজেই। ফলে এই অর্জন শুধু সম্মানের নয়, একইসঙ্গে এক বিরল সুযোগ হিসেবেও বিবেচিত হচ্ছে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাবণ্যর এই সাফল্য তার অধ্যবসায়, একাগ্রতা এবং অসামান্য মেধারই প্রতিফলন। এই অর্জন গোটা ‘গ্রিফিনস পরিবার’-এর জন্য এক গর্বের মুহূর্ত, যা আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীকে বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবে।