হিজলী হাই স্কুলে শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, অংশ নিল ৩২৩ জন!

অরিন্দম চক্রবর্তী : পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন শিশু-কিশোর আকাদেমি-র উদ্যোগে রাজ্যজুড়ে আয়োজিত ছবি আঁকা প্রতিযোগিতার অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার হিজলী হাই স্কুলে অনুষ্ঠিত হল বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা ও ভাবনাকে উৎসাহিত করতেই এই আয়োজন।প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৩২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের নিয়ে ‘ক বিভাগ’, যেখানে ছবির বিষয় ছিল ‘স্বদেশ’।

অন্যদিকে পঞ্চম শ্রেণি থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে ‘খ বিভাগ’-এ বিষয় ছিল ‘আমার স্বপ্নের ভারত’।নিজের কল্পনা ও রং-তুলির মাধ্যমে প্রতিযোগীরা ফুটিয়ে তোলে দেশ, সমাজ ও ভবিষ্যৎ ভারত নিয়ে তাদের ভাবনা। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। পাশাপাশি বিজয়ীদের জন্য ছিল বিশেষ উপঢৌকন ও শংসাপত্র।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও মহকুমায় এই ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভাকে আরও বিকশিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।