খড়গপুরের হিজলি স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন!
অরিন্দম চক্রবর্তী : গত ৮ই মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে খড়গপুর বিভাগের হিজলি স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, হিজলি স্টেশনটি খড়গপুর বিভাগের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে পরিচিত। নারীদের মনোবল, দক্ষতা ও নেতৃত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়।
এই বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রেন নং ২২৫০৩ কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসকে আনুষ্ঠানিকভাবে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান খড়গপুরের ডিআরএম এবং এডিআরএম। ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিলেন সম্পূর্ণ মহিলা ক্রু—যাদের মধ্যে ছিলেন লোকো পাইলট, সহকারী লোকো পাইলট, ট্রেন ম্যানেজার এবং আরপিএফ কর্মীরা। ভারতীয় রেলওয়েতে নারীদের নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী শক্তির ক্ষমতা ও সাফল্যকে তুলে ধরতেই এই অনন্য উদ্যোগ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।