খড়্গপুরে সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড ও ওল্ড এজ হোমের উদ্যোগে মানবিক কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : বিপদকালীন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রবীণদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে যৌথ উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করল সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেড ও খড়্গপুর ওল্ড এজ হোম। ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর মেন হসপিটালের সেন্ট জন অ্যাম্বুলেন্স অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেন্ট জন অ্যাম্বুলেন্স ব্রিগেডের ব্রিগেডিয়ার কমান্ডার অসীম কুমার নাথের পরিচালনায় এবং কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল বেসিক লাইফ সাপোর্ট (BLS), কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR), অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (AED)-এর ব্যবহার, হাড় ভাঙার ক্ষেত্রে প্রাথমিক ব্যবস্থাপনা, ক্ষত পরিচর্যা, ব্যান্ডেজ করার পদ্ধতি এবং হাতে-কলমে CPR প্রশিক্ষণ। বিপদের সময় কীভাবে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিয়ে মানুষের জীবন রক্ষা করা যায়, সে বিষয়ে উপস্থিতদের সচেতন করা হয়।অনুষ্ঠানের পাশাপাশি খড়্গপুর ওল্ড এজ হোমের আবাসিক প্রবীণদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। তাঁদের আনন্দ দিতে ব্যক্তিগত গাড়িতে খড়্গপুর রেলশহরের বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শনের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে প্রবীণদের জন্য খাওয়াদাওয়ার বিশেষ আয়োজনও করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর মেন হসপিটালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ ইন্দ্রজিৎ চ্যাটার্জি, অর্থোপেডিক সার্জেন ও ডিএমও ডাঃ বিধান রায়, অধ্যাপক ও সাংবাদিক জাহির উদ্দিন চৌধুরী, গোলাম আশিক, খড়্গপুর ওল্ড এজ হোমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রঘুনন্দন হালদার এবং সমীরণ ভৌমিক প্রমুখ।জরুরি চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রবীণদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক বার্তা বহন করল।