কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির উদ্যোগ, আগামী বছরের শুরুতেই মিলতে পারে সুখবর!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরে এক কর্মসূচিতে যোগ দিতে এসে কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির সম্ভাবনা নিয়ে বড় দাবি করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির বিষয়ে ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছেন তিনি।জুন মালিয়ার দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমলে জমি সংক্রান্ত জটিলতার কারণে কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির উদ্যোগ বাস্তবায়িত করা সম্ভব হয়নি।

তবে বর্তমান বিজেপি সরকারের আমলে সেই জটিলতা কাটার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি তাঁর। আগামী বছরের শুরুতেই বিমানবন্দর নিয়ে সুখবর মিলতে পারে বলেও আশাবাদ প্রকাশ করেন সাংসদ।তবে জুন মালিয়ার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

একদিকে কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির সম্ভাবনা নিয়ে আশার বার্তা, অন্যদিকে নিজের দলেরই পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে সাংসদের মন্তব্য—দুই বিষয় নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।কলাইকুণ্ডায় বিমানবন্দর তৈরির দাবি শেষ পর্যন্ত কতটা বাস্তব রূপ পায় এবং আগামী বছরের শুরুতে আদৌ কোনও বড় ঘোষণা আসে কি না, এখন সেদিকেই নজর মেদিনীপুরবাসীর।