খড়গপুর কাপ ২০২৬-এ দাপট দেখাল শুভজিৎ সিশিঙ্কাই শিতো-রিউ ক্যারাটে-ডো একাডেমি, জেলার মঞ্চে ঝুলিতে ১৫টি পদক!

 নিজস্ব সংবাদদাতা:১৫ই মার্চ, রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হল কে এ বি অনুমোদিত নবম জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ও ‘খড়গপুর কাপ ২০২৬’। গত রবিবার,খড়গপুরের কল্যাণ মণ্ডপ কমপ্লেক্সে আয়োজিত এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শুভজিৎ সিশিঙ্কাই শিতো-রিউ ক্যারাটে-ডো একাডেমির গোয়ালতোড়, চন্দ্রকোনা রোড এবং রামগড় শাখার শিক্ষার্থীরা।

জেলা স্তরের এই প্রতিযোগিতায় একাডেমির মোট ৯ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। প্রতিযোগিতার শেষে তাঁদের ঝুলিতে এসেছে মোট ১৫টি পদক—যার মধ্যে রয়েছে ৪টি সোনা, ৫টি রূপো এবং ৪টি ব্রোঞ্জ পদক।

এই সাফল্যের মাধ্যমে একাডেমির নাম আরও উজ্জ্বল করেছে প্রতিযোগীরা।সাব-জুনিয়র বিভাগে সোনা জয় করে নজর কেড়েছে সুবর্ণা রায়, অনিষ্কা রায়, সানিয়া মণ্ডল এবং অয়ানক পাল। এছাড়াও একাধিক বিভাগে রূপো ও ব্রোঞ্জ পদক জিতে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অন্য শিক্ষার্থীরাও।

এই প্রতিযোগিতার আয়োজন করেন শিহান রাসবিহারী পাল। একাডেমির জাতীয় বিচারক ও প্রশিক্ষক শুভজিৎ চক্রবর্তী জানান, তাঁদের ছাত্র-ছাত্রীরা বরাবরই বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফল করে আসছে।

তিনি আশাবাদী, যারা এবার সোনা জিতেছে তারা আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও বড় সাফল্য অর্জন করবে।তিনি আরও বলেন, বর্তমানে ক্যারাটে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আন্তর্জাতিক স্তরের একটি গুরুত্বপূর্ণ খেলা হিসেবেও স্বীকৃতি পেয়েছে। তাই ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের এই মার্শাল আর্ট শেখা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।