খড়গপুরে শিক্ষার নতুন দিগন্ত-মদনমোহন মেমোরিয়াল ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুলের শুভ সূচনা, দুস্থ শিশুদের হাতে স্কুলব্যাগ!

অরিন্দম চক্রবর্তী :   খড়গপুরে শিক্ষাক্ষেত্রে যুক্ত হলো এক নতুন অধ্যায়।সোমবার,২ মার্চ আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘মদনমোহন মেমোরিয়াল ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুল’।

নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদানের মাধ্যমে ছোটদের প্রাথমিক শিক্ষার মজবুত ভিত গড়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। ইন্দা খড়গেশ্বর মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, সমাজসেবী রুপেশ বোস, আকাশ মেহেতা, চন্দ্রা বিশ্বাস, জয়দীপ ভট্টাচার্য, রাজা সরকার, অমিত পান্ডে, কাউন্সিলর বি হরিশ কুমার, দেবাশীষ সেনগুপ্ত, অপর্ণা ঘোষ, ডি বাসন্তী-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী মঞ্চ থেকেই সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়। পঞ্চাশ জন দুস্থ শিশুর হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ। পাশাপাশি, একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪০ জন প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়। শিশুদের মুখে হাসি আর অভিভাবকদের চোখে আশার ঝিলিক—এভাবেই শুরু হলো নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা।

সমগ্র অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মদন মোহন বাবুর কন্যা রনিতা গুহ। তাঁকে সহযোগিতা করেন সুদীপ্ত গুহ ও সমাজসেবী শম্ভু পাল। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহন দে।উদ্যোক্তাদের দাবি, এই স্কুল শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকবে না; পাশাপাশি নৈতিক শিক্ষা, সংস্কৃতি চর্চা ও সর্বাঙ্গীণ বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খড়গপুরে শিক্ষার পরিসর আরও বিস্তৃত করতে এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটাই দেখার।