খড়্গপুরে ১৯তম রক্তদান শিবির ও শিক্ষক দিবস উদযাপন, রক্ত দিলেন ৬৯ জন!
অপূর্ব মজুমদার : খড়্গপুরে মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস। খড়্গপুরে মালঞ্চ নটরাজ কালী মন্দিরের উদ্যোগে গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ১৯তম রক্তদান শিবির। পাশাপাশি সন্ধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।রক্তদান শিবিরে মোট ৬৯ জন রক্তদান করেন, তাঁদের মধ্যে ছিলেন ২ জন মহিলা। সংগৃহীত রক্ত খড়্গপুর রেলওয়ে হাসপাতাল এবং ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য সংগ্রহ করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন সুধীর চন্দ্র ঘোষ, রঞ্জিত ভাদুড়ী, রতন মুখার্জি, বি কে মানসী, চিরঞ্জিত চক্রবর্তী, নুপুর ভট্টাচার্য, সজীব মুখার্জি, হেমা চৌবে, অধ্যাপক তপন কুমার পাল-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অসীম নাথ, সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত-সহ আরও অনেকে। সন্ধ্যায় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও যোগাসনের পরিবেশনা হয়। জাগরী সম্প্রদায়ের শিল্পীরা ‘ফাগুনের মোহনায়’ এবং ‘কী নামে ডেকে, বলব তোমাকে’ গান পরিবেশন করেন। এছাড়াও অন্যান্য শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে কৌশিক নায়েক, হেমা চৌবে, মহুয়া মণ্ডল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে উত্তরীয়, মেমেন্টো ও গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুপুর ভট্টাচার্য। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে দুপুর ও রাতে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।রক্তদান, শিক্ষক দিবস উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের এই সম্মিলিত আয়োজন ঘিরে দিনভর উৎসবের আবহ ছিল মালঞ্চ নটরাজ কালী মন্দির চত্বরে।