খড়্গপুরে গ্যাস বিতর্কে উত্তেজনা, এলপিজি না পেয়েই ডেলিভারির মেসেজ—রাস্তায় নামলেন গ্রাহকরা!

নিজস্ব সংবাদদাতা : খড়্গপুরের মালঞ্চ রোডে এলপিজি পরিষেবা ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। এইচপি গ্যাস এজেন্সি ‘বিশুই গ্যাস সেন্টার’-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পথ অবরোধে সামিল হন ক্ষুব্ধ গ্রাহকরা, যার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চ রোডে অবস্থিত এই গ্যাস এজেন্সির পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমছিল।

অভিযোগ, বহু গ্রাহক এখনও পর্যন্ত গ্যাস সিলিন্ডার হাতে না পেলেও তাঁদের মোবাইলে ডেলিভারি সম্পন্ন হওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে। এই ঘটনার জেরেই ক্ষোভ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন ভুক্তভোগীরা।বিক্ষোভকারীদের দাবি, এভাবে ভুয়ো ডেলিভারি দেখিয়ে গ্রাহকদের প্রতারিত করা হচ্ছে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।এই পরিস্থিতিতে কমরেড অনিল দাস (ভীম দা)-এর নেতৃত্বে প্রায় ৩০ জন গ্রাহক খড়্গপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।