আন্তর্জাতিক যোগ দিবসে খড়গপুরে যোগের জোয়ার, যোগ শিবিরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ!
অরিন্দম চক্রবর্তী : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার ২০শে জুন খড়গপুরের মালঞ্চা রোডের ধোবিঘাট ময়দানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ যোগ শিবির। খড়গপুর পতঞ্জলি যোগ সমিতির আয়োজনে সকালে স্টার ইউনিট ময়দানে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি যোগচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাচীন ভারতীয় যোগ বিদ্যার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব। নিয়মিত যোগাভ্যাস বহু শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে এবং সুস্থ জীবনযাপনের পথ প্রশস্ত করে।শিবিরে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন যোগাসন ও প্রণায়ামের অনুশীলন করেন।
পাশাপাশি নিয়মিত যোগচর্চার উপকারিতা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বিভিন্ন দিক সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।
আয়োজকদের বক্তব্য, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগচর্চা শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর।
আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই ধরনের কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ইতিবাচক ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।