খড়গপুরের সঙ্ঘশ্রী ময়দানে শুরু এমএলএ কাপ-২০২৬, ২৪ দলের অংশগ্রহণে জমজমাট নকআউট ফুটবল টুর্নামেন্ট!
অরিন্দম চক্রবর্তী : খড়গপুরের সঙ্ঘশ্রী ময়দানে ৭ই আগস্ট শুক্রবার থেকে শুরু হল তিন দিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা 'এমএলএ কাপ-২০২৬'। ক্রীড়াচর্চার প্রসার এবং যুবসমাজকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতার প্রথম দিন শুধুমাত্র মহিলাদের বিভাগে আটটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আগামী দু'দিন পুরুষদের বিভাগে মোট ১৬টি দলের অংশগ্রহণে নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নিচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমাশাসক (এসডিও) জ্যোতি ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সমিত মণ্ডল, খড়গপুর টাউন থানার আইসি অমিত কুমার মিত্র-সহ প্রশাসন, ক্রীড়া ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসডিও জ্যোতি ঘোষ বলেন, যুবসমাজকে খেলাধুলা ও অন্যান্য গঠনমূলক কর্মকাণ্ডে আরও বেশি করে যুক্ত হওয়া উচিত।
তিনি আশা প্রকাশ করেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম নেশা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। তাঁর বক্তব্য, এই উদ্যোগের মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানানো এবং দেশপ্রেমের চেতনাকে আরও সুদৃঢ় করা সম্ভব হবে।উল্লেখ্য, এবারের এমএলএ কাপ-২০২৬-এ কলকাতা, মেদিনীপুর, খড়গপুর, শালবনি, বালিচক, ঝাড়গ্রাম, গিধনি, ঘাটশিলা-সহ বিভিন্ন এলাকা থেকে মোট ২৪টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। আয়োজকদের আশা, আগামী তিন দিন প্রতিযোগিতাকে ঘিরে ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসাহ ও সমাগম দেখা যাবে।