সপরিবারে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, রথযাত্রায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে সামিল!
নিজস্ব সংবাদদাতা : রথযাত্রার পবিত্র দিনে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে নদিয়ার মায়াপুর ইসকনে পৌঁছান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভক্তিমূলক পরিবেশে তিনি ইসকনের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রভু শ্রীজগন্নাথের আশীর্বাদ প্রার্থনা করেন।মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে প্রথমেই ভগবানের উদ্দেশে আরতি করেন দিলীপ ঘোষ। এরপর গোমাতা পূজায় অংশ নিয়ে নিজ হাতে গোমাতাকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে প্রণাম জানান। পাশাপাশি বৈদিক যজ্ঞে অংশ নিয়ে যজ্ঞাহুতিও অর্পণ করেন।
রথযাত্রার এই বিশেষ দিনে মায়াপুরে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, “রথযাত্রার মতো শুভ তিথিতে ইসকনের এই মহোৎসবে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মায়াপুর আমার কাছে শুধু একটি ধর্মীয় তীর্থস্থান নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্র।”তিনি আরও জানান, অতীতেও একাধিকবার মায়াপুরে এসেছেন এবং ইসকনের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তবে বাংলায় নতুন সরকার গঠনের পর এই প্রথম সপরিবারে মায়াপুরে আসার সুযোগ হয়েছে।
দিলীপ ঘোষ বলেন, “পরিবারের সঙ্গে রথযাত্রার এই পবিত্র দিনে মায়াপুরে এসে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। সকলের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”রথযাত্রা উপলক্ষে এদিন মায়াপুর ইসকনে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের সমাগম হয়। কীর্তন, পূজা, আরতি এবং ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা মন্দির প্রাঙ্গণ উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।