খড়্গপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে একাধিক ইস্যুতে সরব দিলীপ ঘোষ, তৃণমূলকে ‘দেউলিয়া’ কটাক্ষ!

সেখ ওয়ারেশ আলী : রবিবার সকালে খড়্গপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলেজ পরিচালন সমিতিতে বিধায়ক ও সাংসদদের সভাপতি করা থেকে শুরু করে অগ্নিনিরাপত্তা, অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মীর ভান্ডার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট—বিভিন্ন বিষয়েই নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।কলেজ পরিচালন সমিতিতে বিধায়ক ও সাংসদদের সভাপতি করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি।

তবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় যাতে অতিরিক্ত রাজনৈতিক হস্তক্ষেপ না হয়, সেটিও নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।খড়্গপুর-সহ বিভিন্ন এলাকায় ফায়ার সেফটি সার্টিফিকেট না থাকায় হোটেল ও নার্সিংহোমে তালা ঝোলানোর ঘটনাতেও সরব হন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, এতদিন টাকা-পয়সার বিনিময়ে অনেক কাজ হয়ে যেত। হোটেল মালিকদের নির্দিষ্ট সময়সীমা দিয়ে প্রয়োজনীয় ফায়ার সেফটি সার্টিফিকেট সংগ্রহের সুযোগ দেওয়া উচিত বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে এতদিন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের ভূমিকা কী ছিল, তাঁদের গাফিলতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখার দাবি জানান।অন্নপূর্ণা যোজনা ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে ওঠা নানা অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রকৃত যোগ্য কোনও মানুষকে বঞ্চিত করা হবে না।

যাচাই-বাছাই বা ভেরিফিকেশনের পর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে বলেও জানান তিনি।চিনির দাম বৃদ্ধি নিয়েও সরকারের নজর রয়েছে বলে দাবি করেন দিলীপ ঘোষ। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর কথা বলেন। তাঁর বক্তব্য, শিক্ষাঙ্গনে সমাজবিরোধীদের দাদাগিরি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।এদিন খড়্গপুরে রেলের জমিতে হোটেল নির্মাণের অভিযোগ, গাজোলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে এক মহিলার আত্মহত্যার অভিযোগ এবং তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলাতেও প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ।তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কটাক্ষ করে তিনি দাবি করেন, “তৃণমূল দলটি দেউলিয়া হয়ে গিয়েছে।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে চাপানউতোর।