“কেউ আইনের ঊর্ধ্বে নয়” — খড়গপুরে চা-চক্রে কড়া বার্তা দিলীপ ঘোষের!

সেখ ওয়ারেশ আলী : খড়গপুরে সকালবেলার চা-চক্রে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হলেন খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ, প্রাক্তন মন্ত্রীদের গ্রেপ্তারি, দীঘার জগন্নাথ মন্দির এবং ফুটপাত দখল— বিভিন্ন বিষয় নিয়ে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের বহু সাংসদ ও বিধায়ক বর্তমান নেতৃত্বের উপর অসন্তুষ্ট।

তাঁর কথায়, "দল ইতিমধ্যেই মচকে গিয়েছে, এবার ভাঙবেও।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ দেবের এক মঞ্চে উপস্থিতি নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এর মধ্যে বিশেষ কোনও রাজনৈতিক তাৎপর্য খোঁজার প্রয়োজন নেই। দীঘায় নির্মিত জগন্নাথ মন্দির প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। একইসঙ্গে শহর ও পর্যটন এলাকাগুলিতে ফুটপাত দখলমুক্ত করার ওপরও জোর দেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, "আইনের চোখে সবাই সমান। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত করা পুলিশের সাংবিধানিক দায়িত্ব।" রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এদিন চা-চক্র শেষে সাইকেল চালিয়ে খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও কৌতূহলও ছিল চোখে পড়ার মতো।