গোলবাজার সরিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন পাইকারি বাজার? ১০ একর জমির প্রস্তাব পাঠাল প্রশাসন!
অরিন্দম চক্রবর্তী : দীর্ঘদিনের দাবি পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। খড়গপুরের গোলবাজার পটাটো অ্যান্ড অনিয়ন মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইকারি আলু-পেঁয়াজ বাজার স্থানান্তরের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শীঘ্রই সবুজ সংকেত মিললে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় নতুন বাজার গড়ে উঠতে পারে বলে আশাবাদী ব্যবসায়ীরা।রবিবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন সংগঠনের সম্পাদক জাভেদ আখতার খান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই গোলবাজার এলাকার ব্যবসায়ীরা আধুনিক পরিকাঠামো-সমৃদ্ধ একটি নতুন পাইকারি বাজারের দাবি জানিয়ে আসছিলেন।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাজকুমার সাউ, সহ-সভাপতি সুভাষচন্দ্র গুপ্তা, সহ-সম্পাদক রাহুল কোচার-সহ অন্যান্য সদস্যরা।সম্প্রতি খড়গপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ মহকুমা শাসক জ্যোতি ঘোষের সঙ্গে উন্নয়নমূলক বিষয় নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে গোলবাজার পটাটো অ্যান্ড অনিয়ন মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও তাঁদের দাবি তুলে ধরেন। এরপর মহকুমা শাসকের দপ্তর থেকে প্রায় ১০ একর জমি বরাদ্দের প্রস্তাব জেলা শাসকের দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।ব্যবসায়ীদের মতে, আধুনিক পরিকাঠামো-সমৃদ্ধ নতুন পাইকারি বাজার গড়ে উঠলে খড়গপুরের বাণিজ্যিক কার্যকলাপ আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যারও স্থায়ী সমাধান মিলবে।