বাড়ি ধসের পর খড়গপুরে সতর্ক রেল প্রশাসন, রেল কোয়ার্টার পরিদর্শনে যৌথ দল!
নিজস্ব সংবাদদাতা : সাম্প্রতিক বাড়ি ধসের ঘটনার পর খড়গপুরে রেল প্রশাসনের তরফে বাড়ানো হয়েছে সতর্কতা। রেল আবাসনগুলির নিরাপত্তা ও পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখতে মাঠে নামল রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি যৌথ দল।জানা গিয়েছে, আইওডব্লিউ (IOW), আরপিএফ (RPF)-সহ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকদের নিয়ে গঠিত দলটি বিভিন্ন রেল কোয়ার্টার পরিদর্শন করে। সরেজমিনে আবাসনগুলির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ এবং ভবনগুলির কাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।পরিদর্শনের সময় কোনও কোয়ার্টার বা ভবনে অবিলম্বে মেরামত বা বিশেষ নজরদারির প্রয়োজন রয়েছে কি না, তা চিহ্নিত করার চেষ্টা করা হয়। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভবনগুলিকে চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়াই এই পরিদর্শনের অন্যতম লক্ষ্য বলে জানা গিয়েছে।রেল প্রশাসনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল রেল আবাসিক কমপ্লেক্সের ভবনগুলির নিরাপত্তা মূল্যায়ন, সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা।রেল প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, রেল এলাকার পাশাপাশি খড়গপুরের পৌর এলাকাতেও পুরনো ও ঝুঁকিপূর্ণ বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে একই ধরনের অভিযান চালানো প্রয়োজন। সাম্প্রতিক বাড়ি ধসের ঘটনার পর এই ধরনের নজরদারি আরও জরুরি বলেই মনে করছেন তাঁরা।