খড়্গপুরের রশ্মি গ্রুপ (Rashmi Group)উদ্যোগে বরকোলা বিবেকানন্দ হাইস্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা!
সেখ ওয়ারেশ আলী : এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রশ্মি গ্রুপের CSR উদ্যোগে বরকোলা বিবেকানন্দ হাইস্কুলে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ শিবির। রশ্মি মেটালগার্ড ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের পরিচালনায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির।শিবিরে এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল উচ্চতা, ওজন, রক্তচাপ, BMI এবং রক্তে শর্করার মাত্রা পরীক্ষা।
পাশাপাশি কলকাতার রুবি জেনারেল হাসপাতালের চিকিৎসকদের একটি বিশেষ দল শিবিরে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।এদিন শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডা. নিলয় ঘোষ, ডা. সাগরিকা চৌধুরী এবং ডা. গৌতম চৌধুরী-সহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
রোগীদের শারীরিক সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি পরবর্তী চিকিৎসা সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শিবিরে দক্ষ প্রযুক্তিবিদদের সহযোগিতায় বিনামূল্যে ECG ও PFT পরীক্ষার ব্যবস্থা করা হয়। চিকিৎসকদের পরামর্শ ও প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয় রশ্মি গ্রুপের পক্ষ থেকে।
ফলে একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং ওষুধের সুবিধা পান এলাকার বহু মানুষ।রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী বলেন, “ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি সমাজের মানুষের প্রতি গুণমানসম্পন্ন পরিষেবা প্রদান করাও আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। CSR-এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”এই স্বাস্থ্য শিবিরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়। উদ্যোক্তাদের মতে, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই ধরনের CSR উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।