খড়গপুর মহকুমায় মর্যাদার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী, ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান!
অরিন্দম চক্রবর্তী: ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে খড়গপুর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশেষ অনুষ্ঠান। এই উপলক্ষে খড়গপুর মহকুমাশাসকের কার্যালয়ে ড. মুখার্জীর জীবন, কর্ম এবং জাতির প্রতি তাঁর অবদানকে তুলে ধরে একটি বিশেষ প্রদর্শনীর (Exhibition) আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক শুভাশিস ওম, কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক ভদ্র হেমব্রম, খড়গপুরের মহকুমাশাসক জ্যোতি ঘোষ, অনুপম বাগ, তারাশঙ্কর প্রামাণিক, রাজকুমার বিশ্বাস, সুবৃতি সরকার, ডেপুটি ম্যাজিস্ট্রেট আলোক পুরোহিত, খড়গপুরের এডিআই (স্কুল) উত্তম মাঝি, হিজলি কলেজের অধ্যক্ষ অসীস কুমার দণ্ডপাত-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন ও অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শহরের চারটি বিদ্যালয়ে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অতুলমণি পলিটেকনিক হায়ার সেকেন্ডারি স্কুল, ট্র্যাফিক হায়ার সেকেন্ডারি স্কুল, শ্রীকৃষ্ণপুর হায়ার সেকেন্ডারি স্কুল এবং সাউথসাইড হাই স্কুল।এই প্রতিযোগিতায় ২৫০-রও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের দিন কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ, দেশপ্রেম এবং শিক্ষাচিন্তা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।