খড়গপুরে রথযাত্রার ৭৫তম বর্ষে জনসমুদ্র! লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতি, গরম জিলিপির সুবাসে জমে উঠল উৎসব!
অরিন্দম চক্রবর্তী : সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খড়গপুর শহরেও পালিত হল পবিত্র রথযাত্রা উৎসব। এ বছর সুভাষপল্লী রথযাত্রা উৎসব তার গৌরবময় ৭৫তম বর্ষে পদার্পণ করায় উৎসবকে ঘিরে ছিল বিশেষ আয়োজন ও বাড়তি উচ্ছ্বাস। গত ১৬ জুলাই, বৃহস্পতিবার, বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী পঙ্কজানন্দ মহারাজ, বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট ক্রীড়াবিদ তথা প্রাক্তন রেলওয়ে আধিকারিক মিন্টু চৌধুরী। অতিথিরা রথযাত্রার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে সকলের মঙ্গল কামনা করেন।
রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। শ্রীজগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথ টানতে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত এবং উৎসবমুখর পরিবেশে দিনভর মুখরিত ছিল সুভাষপল্লী ও সংলগ্ন এলাকা।
তবে রথযাত্রা মানেই শুধু ধর্মীয় আচার নয়, মেদিনীপুরের মানুষের কাছে এটি এক বিশেষ খাদ্য-ঐতিহ্যেরও অংশ। প্রতি বছরের মতো এবারও গরম গরম জিলিপি, পাপড়ভাজা, সীতাভোগ, মালপোয়া-সহ নানা ঐতিহ্যবাহী মিষ্টি ও খাবারের স্বাদ নিতে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়।
রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় শতাধিক অস্থায়ী জিলিপির দোকান বসে, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত উপচে পড়ে ক্রেতাদের ভিড়।ধর্মীয় আবেগ, ঐতিহ্য, সংস্কৃতি এবং স্থানীয় খাদ্যরসিকতার অপূর্ব মেলবন্ধনে এবারের খড়গপুরের রথযাত্রা উৎসব শহরবাসীর কাছে এক স্মরণীয় আনন্দোৎসবে পরিণত হয়েছে।