খড়গপুর তালবাগিচা হাইস্কুলে মাতৃভাষা দিবস উদযাপন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ঐক্যের বার্তা!
নিজস্ব সংবাদদাতা : শনিবার খড়্গপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং তালবাগিচা হাইস্কুল-এর সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের সূচনায় শহীদ বেদীতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মহকুমাশাসক সুরভি সিংলা। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কণিষ্ক মণ্ডল, প্রাক্তন পুরপ্রধান জওহরলাল পাল, দায়িত্বপ্রাপ্ত প্রধানশিক্ষক স্নেহাশিস কোনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহকুমাশাসক তাঁর বক্তব্যে বলেন, মহান মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা আমাদের কর্তব্য।
তাঁদের ত্যাগের বিনিময়েই বাংলা ভাষা তার মর্যাদা ও স্বীকৃতি পেয়েছে। তিনি আরও বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। ভাষাই হোক ঐক্যের শক্তি ও সংস্কৃতির সেতুবন্ধন।বক্তারা ছাত্রছাত্রীদের সামনে ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রীদের আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ আবহ তৈরি করে। আবেগ, শ্রদ্ধা ও সাংস্কৃতিক চেতনার মেলবন্ধনে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হয়ে ওঠে স্মরণীয়।