খড়্গপুরে শ্মশান কালীপুজোর মেলায় দিলীপ–প্রদীপ মুখোমুখি, সৌজন্যের আড়ালে তুঙ্গে ভোটের উত্তাপ!
নিজস্ব সংবাদদাতা : গত বুধবার ১৮ই মার্চ খড়্গপুরে ৯৯ বছরের কৌশল্যার কালীপুজোর মেলাকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক লড়াইয়ের আবহ। প্রতি বছরের মতো এবারের মেলাতেও উপচে পড়া ভিড়, আর সেই ভিড়কেই প্রচারের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই প্রধান শিবির—বিজেপি ও তৃণমূল।প্রথমে মেলায় পৌঁছান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
কালীমন্দিরে পুজো দেওয়ার পর তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপর মেলা প্রাঙ্গণ ছেড়ে রাস্তায় বেরোতেই মুখোমুখি হন বিজেপি প্রার্থী Dilip Ghosh-এর। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেও, পরে এগিয়ে এসে সৌজন্য বিনিময় করেন দুই প্রতিদ্বন্দ্বী।
তাঁদের এই করমর্দনের দৃশ্য উপস্থিত জনতার নজর কাড়ে।তবে এই সৌজন্যের আড়ালেই স্পষ্ট হয়ে ওঠে নির্বাচনী উত্তাপ। মেলার বাইরে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে তৈরি হয় টানটান পরিস্থিতি। একদিকে “জয় শ্রী রাম”, অন্যদিকে “জয় বাংলা” স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
ঘটনা প্রসঙ্গে Dilip Ghosh বলেন, “মানুষই ঠিক করবে কাকে জেতাবেন। আমি বিধায়ক ছিলাম, উনি চেয়ারম্যান ছিলেন—মানুষের সঙ্গে দেখা হলে কথা বলব না কেন?”অন্যদিকে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের বক্তব্য, সৌজন্য বজায় রাখা হলেও মন্দির প্রাঙ্গণে নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান তোলাকে তিনি সমর্থন করেন না। তাঁর কথায়, “কালীমন্দিরে এসে এ ধরনের স্লোগান দেওয়া কতটা গ্রহণযোগ্য, তা মানুষই বিচার করবে।”সব মিলিয়ে ধর্মীয় উৎসবের মেলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যে ক্রমেই বাড়ছে, তা স্পষ্ট এই ঘটনার মধ্যেই।