মমতা-অভিষেকের কাটআউট সরিয়ে এবার ঋতব্রতর শিবিরে প্রদীপ সরকার!
অরিন্দম চক্রবর্তী : প্রত্যাশামতোই খড়গপুরের প্রাক্তন বিধায়ক, খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান কাউন্সিলর প্রদীপ সরকার ঋতব্রতর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছিল।কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের সামনে তিনি কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল শিবির থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপর থেকেই তিনি কোন রাজনৈতিক শিবিরে যোগ দেবেন, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। এদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব একাধিকবার জানিয়েছিল, অন্য দল থেকে আসা নেতাদের আপাতত দলে নেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই। সেই প্রেক্ষাপটেই শেষ পর্যন্ত প্রদীপ সরকার ঋতব্রতর নেতৃত্বাধীন তৃণমূলে যোগ দিলেন।
কালীঘাট-ঘনিষ্ঠ তৃণমূল থেকে সরে দাঁড়ানোর পর তাঁর ওল্ড সেটেলমেন্ট এলাকার পার্টি অফিসেও লক্ষণীয় পরিবর্তন দেখা যায়। অফিস প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাট-আউট সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে সেখানে শুধুমাত্র ভগবান শ্রী রামের একটি বড় ফ্লেক্স টাঙানো রয়েছে। পাশাপাশি, পার্টি অফিসের প্রবেশপথে থাকা 'তৃণমূল' লেখাটিও আর দেখা যাচ্ছে না।