খড়গপুরে জলের কল ভাঙাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল-বিজেপি মুখোমুখি!
নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে ফের উত্তপ্ত খড়গপুর শহর। মঙ্গলবার দুপুরে ২১ নম্বর ওয়ার্ডের পোটারখুলি এলাকায় একাধিক পানীয় জলের কল ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি-র কর্মী-সমর্থকরা।বিজেপির অভিযোগ, সোমবার রাতে দলের প্রার্থী দিলীপ ঘোষ এলাকায় প্রচার চালানোর পরই পরিকল্পিতভাবে তাঁদের সমর্থকদের বাড়ির সামনে থাকা জলের কলগুলি ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি শিবির।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ডি. বাসন্তী। তাঁর দাবি, “এলাকাটি রেলের অধীন হলেও সেখানে কোনো উন্নয়নমূলক কাজ করেনি রেল। পুরসভার উদ্যোগেই আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি। নিজেদের লাগানো কল আমরা কেন ভাঙব? বিজেপিই এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের নামে দোষ চাপানোর চেষ্টা করছে।”ঘটনাস্থলে পৌঁছনোর পর দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা দ্রুত স্লোগান যুদ্ধে পরিণত হয়। একদিকে “জয় বাংলা”, অন্যদিকে “দিলীপ ঘোষ জিন্দাবাদ” ও “বিজেপি জিন্দাবাদ” স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। ভোটের মুখে এই ধরনের সংঘর্ষে এলাকায় নতুন করে উত্তেজনার পারদ চড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।