খড়্গপুরে উত্তেজনা চরমে! তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুর-দখলের অভিযোগ!

অরিন্দম চক্রবর্তী : বাংলায় নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে রেল শহর খড়্গপুরেও একাধিক এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রের দাবি, ইন্দা লোকাল থানার সামনের তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও ওবিসি সেলের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি পুরাতন বাজারের হাতি গোলা পুল সংলগ্ন ২৩ নম্বর ওয়ার্ড, গোলবাজারের ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় এবং মালঞ্চ রোডের ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডের দলীয় অফিসেও হামলার অভিযোগ উঠেছে।অভিযোগ, এই সব জায়গায় তৃণমূল নেত্রী Mamata Banerjee এবং নেতা Abhishek Banerjee-র পোস্টার, ফ্লেক্স, পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙচুর চালিয়ে সেখানে বিজেপির পতাকা টাঙিয়ে দখল নেওয়ারও অভিযোগ উঠেছে।তবে এই ঘটনার মাঝে শহরের কোথাও তৃণমূল নেতৃত্ব বা কর্মীদের তেমন প্রতিরোধ করতে দেখা যায়নি বলেই দাবি স্থানীয়দের একাংশের।ঘটনাকে কেন্দ্র করে খড়্গপুর জুড়ে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।