'খড়্গপুরে মাফিয়ারাজ চলবে না'—কড়া হুঁশিয়ারি পুলিশ সুপার পাপিয়া সুলতানার!

অরিন্দম চক্রবর্তী : খড়্গপুরে অপরাধ ও মাফিয়া চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।১৫ জুলাই বুধবার খড়্গপুর টাউন থানায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস) জানান, গত দু'দিন ধরে চালানো বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৬টি মোটরবাইক, একটি টোটো এবং একটি টেলিভিশন উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি চুরি যাওয়া আরও মোটরবাইক উদ্ধারের চেষ্টা চলছে।

পাশাপাশি বেআইনি মদ, গাঁজা ও মাদক পাচারের বিরুদ্ধে জেলাজুড়ে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই ধরনের অপরাধে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একাধিক ছিনতাইকারীও রয়েছে।

তিনি স্পষ্ট ভাষায় জানান, খড়্গপুরে কোনওভাবেই মাফিয়ারাজ চলতে দেওয়া হবে না। অপরাধচক্রের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "মাফিয়াদের সামনে দু'টি পথ—হয় জেলে থাকবে, নয়তো শহর ছেড়ে বাইরে থাকবে। আইন নিজের পথেই চলবে।"শহরের নিরাপত্তা আরও জোরদার করতে খড়্গপুর জুড়ে নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান পুলিশ সুপার।

তিনি বলেন, পুরনো অনেক ক্যামেরা অচল হয়ে পড়েছে। খুব শীঘ্রই আধুনিক নজরদারি ব্যবস্থার আওতায় গোটা শহরকে নিয়ে আসা হবে।যানজট নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বর্তমানে কোনও উচ্ছেদ অভিযান চালানো হবে না। তবে খড়্গপুর, মেদিনীপুর কোতোয়ালি ও ঘাটাল এলাকায় যাঁরা রাস্তার ওপর ব্যবসা করছেন, তাঁদের যান চলাচলের সুবিধার্থে কিছুটা পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।এছাড়াও উল্টো রথ উৎসবের পর থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে বলে ঘোষণা করেন পুলিশ সুপার। মোবাইল ফোনে কথা বলতে বলতে বাইক চালানো, হেলমেট ছাড়া চলাচল, এক মোটরবাইকে তিনজন যাত্রী বহন এবং বিকট শব্দ করা পরিবর্তিত সাইলেন্সারযুক্ত মোটরবাইকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পুলিশ প্রশাসনের এই কড়া অবস্থানকে স্বাগত জানিয়েছেন শহরের সাধারণ মানুষ। অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের এই উদ্যোগ আগামী দিনে আরও জোরদার হবে বলেই প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে।