খড়গপুর ট্রাফিক হাই স্কুলে মন্ত্রী দিলীপ ঘোষের হাতে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন স্মার্ট শিক্ষার সূচনা!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর ট্রাফিক হাই স্কুলে CSR তহবিলের অর্থায়নে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হল ৩ অক্টোবর ২০২৬। Tata Hitachi-র সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।স্মার্ট ক্লাসরুমে অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তির মাধ্যমে কীভাবে পড়ুয়াদের আরও আকর্ষণীয় ও সহজ পদ্ধতিতে পাঠদান করা সম্ভব, অনুষ্ঠানে তা তুলে ধরেন শিক্ষক-শিক্ষিকারা। আধুনিক প্রযুক্তির সাহায্যে শিক্ষার পরিসর আরও বাড়বে বলে আশা স্কুল কর্তৃপক্ষের।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক তাপস মাইতি স্কুলের পরিকাঠামোগত একাধিক সমস্যার কথা তুলে ধরেন। তাঁর দাবি, স্কুলের পাশেই রেলের গোডাউন থাকায় মাঝেমধ্যে সাপের উপদ্রব দেখা যায়।

পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং উন্নত শৌচালয়ের প্রয়োজন রয়েছে।সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে আসে মিড-ডে মিলের পরিকাঠামো। প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী, পৃথক ঘর না থাকায় ছোট একটি শ্রেণিকক্ষের মধ্যেই গাদাগাদি করে পড়ুয়াদের মিড-ডে মিল খেতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও সমস্যাজনক হয়ে ওঠে। গরমের সময়ও পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হয় বলে জানান তিনি।এছাড়াও স্কুলে বিদ্যুতের ওয়ারিং ব্যবস্থার উন্নতি এবং আরও শ্রেণিকক্ষ তৈরির প্রয়োজন রয়েছে বলে মন্ত্রীর কাছে আবেদন জানান প্রধান শিক্ষক।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধনা পেয়ে আপ্লুত হন মন্ত্রী দিলীপ ঘোষ। স্কুল কর্তৃপক্ষের উত্থাপিত সমস্যাগুলি গুরুত্ব দিয়ে দেখার এবং সম্ভবপর ক্ষেত্রে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্বীকার করেন, রাজ্যের বহু সরকারি স্কুলেই এখনও পরিকাঠামোগত নানা সমস্যা রয়েছে। সরকারি স্তরে এই সমস্যাগুলির দিকে আগামী দিনে আরও নজর দেওয়া হবে বলেও তিনি জানান।একদিকে আধুনিক প্রযুক্তির হাত ধরে স্মার্ট ক্লাসরুমের সূচনা, অন্যদিকে পানীয় জল, শৌচালয়, মিড-ডে মিলের ঘর ও শ্রেণিকক্ষের মতো মৌলিক পরিকাঠামোর ঘাটতি—খড়গপুর ট্রাফিক হাই স্কুলের বর্তমান পরিস্থিতিতে একইসঙ্গে উঠে এল শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত প্রয়োজনের দুই ভিন্ন ছবি।