খড়গপুরে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির, রক্ত দিলেন ৬৪ জন!

অরিন্দম চক্রবর্তী : মানবিকতার বার্তা নিয়ে খড়গপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। সোমবার গোলবাজারের রবীন্দ্র ইনস্টিটিউটের সভাগৃহে আয়োজিত এই শিবিরে মোট ৬৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ডা. বি. মুর্মুর নেতৃত্বাধীন সাত সদস্যের চিকিৎসক দল। শিবির পরিচালনায় সহযোগিতা করেন KVBIDO-র সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার, এএসআই নীলিমা সিংহ হুই, কাউন্সিলর ডি. বাসন্তী, কাউন্সিলর অভিষেক আগরওয়াল, খড়গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি ও সম্পাদক উজ্জ্বল দাস।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী এ. ডি. বর্মন, জগবন্ধু সিংহ-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। আয়োজকদের এই উদ্যোগে উৎসাহিত হয়ে রক্তদাতাদের পাশাপাশি স্থানীয় মানুষজনও শিবিরে উপস্থিত ছিলেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জরুরি সময়ে রোগীদের রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।