খড়্গপুরে গৃহশিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ!
অরিন্দম চক্রবর্তী : গৃহশিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বলরামপুরের আমড়াতেড়িয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই ছাত্রী টিউশন পড়তে গৃহশিক্ষক পশুপতি মহাপাত্রের বাড়িতে যায়। অভিযোগ, সেখানেই ওই ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থা করা হয়। বাড়ি ফিরে ছাত্রীটি কান্নায় ভেঙে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, তখনই ছাত্রীটি ঘটনার কথা জানায়।এরপর পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এক স্থানীয় বাসিন্দার কথায়, “একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অন্যান্য গৃহশিক্ষকদেরও এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।”ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।