ক্ষুদিরাম স্মরণে তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে সচেতনতা র্যালি, ‘হর ঘর তিরঙ্গা’র বার্তা!
নিজস্ব সংবাদদাতা : শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে ১১ আগস্ট তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল বিশেষ সচেতনতা র্যালি। দেশপ্রেম ও জাতীয়তাবোধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে পরিচিত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।র্যালিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
হাতে জাতীয় পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন কলেজের পড়ুয়ারা। ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শকে স্মরণ করে দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধের বার্তা তুলে ধরা হয়।র্যালির মাধ্যমে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আওতায় প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বানও জানানো হয়। স্বাধীনতার গৌরব ও জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে এবং এলাকায় থাকা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহিদ ক্ষুদিরাম বসু-সহ দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।শহিদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের এই কর্মসূচি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয় সংহতির বার্তাও তুলে ধরে।