সোমবার ইডেনে বৃষ্টির জেরে ভেস্তে গেল KKR-পাঞ্জাব ম্যাচ, ভেজা মাঠে পরিত্যক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা : ৬ এপ্রিল সোমবার ইডেন গার্ডেন্সে বৃষ্টি শেষ পর্যন্ত কেড়ে নিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের লড়াই। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা, সুপার সপার এবং মাঠ প্রস্তুতির একাধিক চেষ্টা সত্ত্বেও অন্তত পাঁচ ওভারের ম্যাচ করানো সম্ভব হয়নি। ফলে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে নিতে হয়।রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ দুই আম্পায়ার মাঠ পরিদর্শনে নামেন। পিচের আশপাশ ও আউটফিল্ড খতিয়ে দেখা হয়। সিএবি শেষ মুহূর্ত পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ করানোর আপ্রাণ চেষ্টা চালায়।

মাঠে নেমে নিজে পরিস্থিতি পরখ করেন Sourav Ganguly। পিচ কিউরেটর সুজন মুখার্জি এবং সিএবির কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেন তিনি। কিন্তু কভার সরানোর পরও মাঠ সম্পূর্ণ খেলার উপযোগী করতে অন্তত আরও ৩০ মিনিট সময় প্রয়োজন ছিল, যা কাট-অফ সময় পেরিয়ে যেত।মাত্র ৩.৪ ওভার খেলা সম্ভব হয়। তার মধ্যেই কেকেআর ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। Kolkata Knight Riders-এর হয়ে দ্রুত দুই উইকেট তুলে নেন জেভিয়ার বার্টলেট, ফলে ম্যাচ ছোট হলেও পাল্লা ভারী ছিল Punjab Kings-এর দিকেই।

এমন পরিস্থিতিতে বৃষ্টি কার্যত স্বস্তি এনে দিল কেকেআর শিবিরে।ভেজা মাঠে চোটের আশঙ্কাও ছিল বড় কারণ। আগেই একাধিক চোটে জর্জরিত কেকেআর শিবিরের জন্য ঝুঁকি নিতে চাইনি টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত রাত ১১টা নাগাদ দুই অধিনায়ক অজিঙ্ক রাহানেশ্রেয়স আইয়ার-এর সঙ্গে কথা বলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত জানান। ফলত, হার এড়াল কেকেআর, আর জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও পাঞ্জাবকে সন্তুষ্ট থাকতে হল এক পয়েন্টে।