কোটি টাকার তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত, চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে!
নিজস্ব সংবাদদাতা : বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে কোটি টাকার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রাজারহাটের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। অভিযোগকারীর জমা দেওয়া সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেফতারের সিদ্ধান্ত নেয়।তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। তাঁর দাবি, অভিযোগগুলি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। যদিও এই বহুল আলোচিত গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে বারাসত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সব্যসাচী দত্ত। এর আগে তিনি রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিধাননগর পুরসভার মেয়র পদেও ছিলেন তিনি। বর্তমানে তিনি বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরসভার চেয়ারম্যান পদে দায়িত্বে রয়েছেন।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।