কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নয়, ভাইরাল নোটিস ভুয়ো-এআই-তৈরি ভুয়ো নোটিসের বিরুদ্ধে অভিযোগ কলকাতা পুরসভার!
নিজস্ব সংবাদদাতা : কলেজ স্ট্রিট বইপাড়ায় হকার উচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটাতে মুখ খুললেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে।৪ঠা জুন, বৃহস্পতিবার কলকাতা পুরসভায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে কোনও সরকারি নোটিসও জারি করা হয়নি।স্মিতা পাণ্ডে বলেন, কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়ো নোটিস তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “যে নোটিসটি ভাইরাল হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়ো এবং এআই-জেনারেটেড। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।”
তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও হকারদের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, কোনও গুজব বা ভুয়ো তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের উপর আস্থা রাখতে।সাংবাদিক বৈঠকে উপস্থিত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিপি সিংও একই সুরে জানান, কলকাতা পুলিশের পক্ষ থেকেও হকার উচ্ছেদ সংক্রান্ত কোনও নোটিস জারি করা হয়নি। তিনি বলেন, “সামাজিক মাধ্যমে যে নোটিস বা খবর প্রচার করা হচ্ছে, তার সঙ্গে সরকারি প্রশাসনের কোনও সম্পর্ক নেই।”পুরসভা ও পুলিশের এই যৌথ বার্তার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে বর্তমানে কোনও সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং ভাইরাল হওয়া নোটিসকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।