দেবরাজ চক্রবর্তীকে ঘিরে গ্রেপ্তারি জল্পনা, সরগরম রাজনৈতিক মহল!

নিজস্ব সংবাদদাতা : ফের গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। পুলিশের জালে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সি-র স্বামী দেবরাজ চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতাকে ঘিরে মঙ্গলবার রাত থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল চর্চা।সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়-র ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। যদিও মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এই বিষয়ে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি।সমাজমাধ্যমে বিজেপি নেতাদের একাধিক পোস্ট ঘিরেই এই জল্পনার সূত্রপাত বলে জানা গিয়েছে। গত পুরভোটের পর বিধাননগরের সম্ভাব্য মেয়র বা চেয়ারম্যান পদেও দেবরাজ চক্রবর্তীর নাম উঠে এসেছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, তোলাবাজি ও দুর্নীতির মতো একাধিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সমাজমাধ্যমে ‘পাপ বিদায়’ মন্তব্য করে পোস্ট করেন। এরপর সন্ময় বন্দ্যোপাধ্যায়ও প্রশ্নচিহ্ন-সহ দেবরাজের নাম উল্লেখ করে পোস্ট করেন।তবে পরে তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেন, দেবরাজ চক্রবর্তী নন, তাঁর ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ‘ননী’-কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ধোঁয়াশা ও জল্পনা আরও বেড়েছে।