ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের বিক্ষোভ!
নিজস্ব সংবাদদাতা : ধর্মতলায় ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল। ২৫ জুলাই শনিবার বিকেল ৩টায় কলকাতা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, নিতাই মালাকার, মৌপ্রিয়া, দিলীপবাবু-সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, চিত্রসাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা।বক্তারা জানান, গত ২৪ জুলাই ধর্মতলায় প্রশ্নফাঁসের অভিযোগে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলির আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে সাংবাদিকদের মারধর করেন, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন এবং নারী সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার দুপুর আড়াইটায় রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলার সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।বক্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা এবং অভিযুক্তদের শনাক্ত করার উদ্যোগ ইতিবাচক। তবে হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতিও কর্মসূচিতে বহিরাগত বা দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সাংবাদিকদের নিরাপত্তা বাড়াতে ভবিষ্যতে প্রেস ক্লাবের পক্ষ থেকে পরিচয়সংবলিত জ্যাকেট সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।