সল্টলেক সেক্টর ফাইভে মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণী আইটি কর্মীর!

নিজস্ব সংবাদদাতা :  ৭ই এপ্রিল মঙ্গলবার ব্যস্ত অফিস সময়ে সল্টলেক সেক্টর ফাইভে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণী আইটি কর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কিরণ মিশ্রা (২৪)। তিনি বর্ধমান জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে কেষ্টপুরে থাকতেন। মঙ্গলবার সকালে সেক্টর ফাইভের আরএস সফটওয়্যারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সকাল সাড়ে ১১টা নাগাদ কলেজ মোড় থেকে টেকনোপলিস মোড়ে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বাইকে চেপে রওনা দিয়েছিলেন কিরণ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, করুণাময়ী-ঘাটালগামী রুটের একটি সরকারি বাস পিছন দিক থেকে ওই অ্যাপ বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণী। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ ঘাতক বাস এবং বাসচালককে আটক করেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ব্যস্ত আইটি হাব সেক্টর ফাইভে ফের এমন দুর্ঘটনা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। অফিস টাইমে বেপরোয়া বাস চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ও কর্মরত আইটি কর্মীরা।