শালিমার স্টেশনে বড় বিপত্তি! লাইনচ্যুত লোকাল ট্রেন, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর!
নিজস্ব সংবাদদাতা : অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীরা। বুধবার, ১৮ ফেব্রুয়ারি সকালে শালিমার রেলওয়ে স্টেশন–এর ঢোকার মুখেই লাইনচ্যুত হল একটি যাত্রীবাহী লোকাল ট্রেন। অফিস টাইমে ভিড়ের মধ্যে এই ঘটনা ঘটায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনজুড়ে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেল সূত্রে জানা গেছে, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে শালিমারের উদ্দেশে আসছিল ট্রেনটি। তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে হঠাৎই পিছন দিক থেকে তৃতীয় কামরাটি লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় ট্রেনের গতি খুব কম থাকায় ট্রেনটি ঘষটাতে ঘষটাতে প্ল্যাটফর্মে ঢুকে পড়ে এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়।তবে লাইনচ্যুত হওয়ার বিষয়টি বুঝতে পেরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে প্ল্যাটফর্মে লাফিয়ে নামেন। ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় রেল কর্তৃপক্ষ।ইতিমধ্যেই লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ভারতীয় রেল–এর ইঞ্জিনিয়াররা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।ঘটনার জেরে প্ল্যাটফর্মের ধারের কিছু অংশ ভেঙে গেছে বলেও জানা গেছে। তবে ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ।