সোনারপুরে পাথর-ডিম ছোড়ার অভিযোগ, অভিষেককে হেনস্থার ঘটনায় গ্রেফতার ৬!
নিজস্ব সংবাদদাতা : সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়ার অভিযোগে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ২৬ দিন পর শনিবার সোনারপুরে একটি জনসভায় যোগ দিতে গিয়ে হেনস্থার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর পিছনে অন্য কোনও পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। তদন্তের অগ্রগতির ভিত্তিতে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।