তারাতলা গোডাউন বিপর্যয়: আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী, গ্রেপ্তার ৩!
নিজস্ব সংবাদদাতা : তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আহত শ্রমিকদের দেখতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এদিকে, তারাতলা গোডাউন বিপর্যয়ের ঘটনায় তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দুই লেবার সাপ্লায়ার মহম্মদ আতাউল ও সুভাষ সরকার এবং সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার। আহত শ্রমিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, তদন্তের আওতায় এসেছে নির্মাণ সংস্থা বেহেরা ব্রাদার্সও।
দুর্ঘটনার পর থেকে সংস্থার সঙ্গে যুক্ত কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। তাঁদের সন্ধানে কলকাতা পুলিশের গোয়েন্দারা তৎপর হয়েছেন।তদন্তকারীদের নজরে রয়েছে এআর ট্রেডার্স নামের আরও একটি সংস্থা। অভিযোগ, গোডাউন নির্মাণের কাজের বরাত বেহেরা ব্রাদার্স এআর ট্রেডার্সকে দিয়েছিল। দুই সংস্থার মধ্যে হওয়া চুক্তি, নির্মাণকাজের মান, নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিক নিয়োগের প্রক্রিয়া—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।