ভিক্টোরিয়া মেমোরিয়ালে আর্মেনিয়ার জাতীয় চেম্বার অর্কেস্ট্রার সুরে ভারত-আর্মেনিয়া বন্ধুত্বের উদযাপন!
নিজস্ব সংবাদদাতা : আর্মেনিয়ার স্বাধীনতার ৩৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সোমবার, ২১ সেপ্টেম্বর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পূর্ব চত্বরে অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং ভারতে অবস্থিত আর্মেনিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আর্মেনিয়ার ন্যাশনাল চেম্বার অর্কেস্ট্রা।
সন্ধ্যার এই বিশেষ আয়োজনে সঙ্গীত পরিচালক ও কনসার্ট শিল্পী সিপান ওলাহ, বেহালাবাদক আস্তঘিক ভার্দানিয়ান, সোপ্রানো শিল্পী শোঘিক তোরোসিয়ান এবং পিয়ানোবাদক কাতারিন হোভসেপিয়ান-সহ একাধিক দক্ষ শিল্পী অংশ নেন। তাঁদের পরিবেশনায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাঙ্গণ সুরের আবহে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের মূল ভাবনা ছিল শান্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের উদযাপন। সঙ্গীতের সার্বজনীন ভাষার মাধ্যমে ভারত ও আর্মেনিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সাংস্কৃতিক আদান-প্রদানের সম্পর্ককে তুলে ধরা হয়।আয়োজকদের মতে, দুই দেশের সাংস্কৃতিক যোগাযোগকে আরও দৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির বার্তাও বহন করেছে এই বিশেষ সঙ্গীতসন্ধ্যা।