কোতুলপুরে ‘হর ঘর তিরঙ্গা’ পদযাত্রা, জাতীয় পতাকা হাতে পথে কয়েকশো গ্রামবাসী
Biplabi Sambad Darpan -
প্রেমচাঁদ ফৌজদার : ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধের আবহে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা এলাকায় আয়োজিত হল বর্ণাঢ্য তিরঙ্গা পদযাত্রা। জাতীয় পতাকা হাতে এই পদযাত্রায় সামিল হন কয়েকশো গ্রামবাসী।চাঁদনি ঘাট থেকে শুরু হয়ে পদযাত্রা পৌঁছয় কোতুলপুর নেতাজি মোড়ে। হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করেন সাধারণ মানুষ। দেশাত্মবোধক সংগীত ও স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। স্বাধীনতা দিবসের আগে এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয় উৎসবের আবহ।আয়োজকদের দাবি, সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ আরও জোরদার করাই ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য। কর্মসূচিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।এই পদযাত্রায় বিজেপির বিভিন্ন মোর্চা ও মাদার কমিটির সদস্যদের পাশাপাশি আশা কর্মী, আইসিডিএস কর্মী, প্রাক্তন সেনাকর্মী এবং শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। জাতীয় পতাকা হাতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি কার্যত গণ-উৎসবের রূপ নেয়।কোতুলপুর মণ্ডল-২-এর সাধারণ সম্পাদক সুশান্ত দুলে এবং সম্পাদক তারক কুমার মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, স্বাধীনতা দিবসের আবেগকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতেই এই উদ্যোগ। তাঁদের কথায়, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।