'লক্ষ্মী ভান্ডার' ভাতা বাড়তেই গড়বেতায় তৃণমূলের উচ্ছ্বাস,মিছিল-পথসভা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নেতা-কর্মীরা!

অভিজিৎ সাহা, পশ্চিম মেদিনীপুর: রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিছিল ও পথসভা। রবিবার বিকেলে ১২ নম্বর খড়্কুশমা অঞ্চলের মালবাঁদি এলাকায় এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ, ব্লক সভানেত্রী মিঠু পতিহার, সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সাবিনা মণ্ডল, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হকসেন দালাল, ব্লক নেতা সুশান্ত মাইতি, অঞ্চল যুব কনভেনার জয়দেব মান্না সহ অন্যান্য নেতৃত্ব।


মিছিল ও পথসভায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক অংশ নেন। নেতৃত্বের বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং বিশেষ করে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধির সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য বড় সহায়তা বলে উল্লেখ করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি আগামী দিনেও মানুষের পাশে থাকবে বলেও আশ্বাস দেন নেতারা।