বার্সেলোনা শিবিরে ধাক্কা! চোটে ছিটকে গেলেন লামিন ইয়ামাল, বিশ্বকাপ নিয়েও বড় সংশয়
নিজস্ব সংবাদদাতা : মরসুমের শেষ লগ্নে বড় ধাক্কা খেল Barcelona এবং স্পেন শিবির। তরুণ প্রতিভা Lamine Yamal গুরুতর চোটে পড়ায় এই মরসুমে আর মাঠে নামতে পারবেন না বলেই নিশ্চিত হয়েছে ক্লাব সূত্রে। এর জেরে সামনে আসন্ন বিশ্বকাপ নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। বুধবার রাতে Celta Vigo-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি আসে ইয়ামালের পা থেকে—পেনাল্টি থেকে। কিন্তু সেই গোল করতে গিয়েই বিপত্তি। শট নেওয়ার সময়ই হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান তিনি। মেডিক্যাল রিপোর্টে জানা গিয়েছে, তাঁর হ্যামস্ট্রিংয়ে ছিঁড়ে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। ক্লাব সূত্রে খবর, অস্ত্রোপচার না করেই রিহ্যাবের মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আপাতত বার্সেলোনাতেই চিকিৎসা চলছে তাঁর। লা লিগায় এখনও ছ’টি ম্যাচ বাকি থাকলেও, সেই সব ম্যাচে ইয়ামালকে পাওয়া যাবে না—যা কোচ Hansi Flick-এর পরিকল্পনায় বড় ধাক্কা। বর্তমানে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা, চিরপ্রতিদ্বন্দ্বী Real Madrid-এর থেকে ৯ পয়েন্ট এগিয়ে। সামনে রয়েছে মর্যাদাপূর্ণ এল ক্লাসিকো। তবে ইয়ামাল এবং ইতিমধ্যেই চোটে থাকা রাফিনহার অনুপস্থিতিতে আক্রমণভাগে চাপ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, স্পেন জাতীয় দলের চিন্তাও বাড়িয়েছে এই চোট। ইউরো চ্যাম্পিয়ন স্পেন আসন্ন বিশ্বকাপে অন্যতম দাবিদার। কিন্তু সেই স্বপ্নপূরণে বড় ভূমিকা নিতে পারেন ইয়ামাল। যদিও ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী, ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে স্পেনের প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে হ্যামস্ট্রিংয়ের মতো চোট সারতে সময় লাগে—এটাই বাস্তব। ফলে ইয়ামাল কবে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত বার্সা ও স্পেন—দু’দলই তাকিয়ে রয়েছে সময় আর চিকিৎসার উপর।